যান ও প্রাণ
প্রস্তর যুগে মানুষকে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য মাইলের পর মাইল ছুটতে হত , পাথর ছুঁড়ে অন্য কোন প্রাণীকে হত্যা করে ক্ষুধা নিবারণ করতে হত । এছাড়া
পোশাক আসাক বলতে তো ছিল ঐ সমস্ত পশুর চামড়া, কখনো বা গাছের বাকল । বিবর্তনের হাত ধরে মানুষ আজ “হোমো স্যাপিয়েন্স” । তবুও কোনো সময়
সত্যি কি মনে হয় না, যে আমরা কি সত্যিই আধুনিকতম মানুষ হতে পেরেছি ? আজও তো মানুষ
পেশার তাগিদে দিন রাত ছুটে চলেছে যার বেশীরভাগটাই যন্ত্রের হাত ধরে । হয়তো আজ আর
পেটের টানে জঙ্গলে জঙ্গলে শিকার করতে হয় না । কিন্তু প্রায় ই দেখি মানুষ তার
প্রাচীন লোলুপ প্রবৃত্তি চরিতার্থ করার
জন্য আজও শতশত বন্য প্রাণী, জীবজন্তুকে (হাতি,বাঘ,সিংহ,হরিণ,গণ্ডার,সাপ,পাখি)
অবলীলায় হত্যা করেই চলেছে হয়তো বা গৃহসজ্জার সামগ্রী বা খাদ্য হিসাবে কখনো বা ব্যবসার
সামগ্রী হিসাবে । যদিও সারা দেশে এখন বন্যপ্রাণ ও প্রাণী
আইন বলবৎ তবুও আমরা কি পেরেছি নিজেদের পরিবর্তন করতে ?
বিগত কিছুদিনে আমার কিন্তু তেমন ইতিবাচক অভিজ্ঞতা হয়নি । তার ই কয়েকটি আপনাদের জানাচ্ছি –
ঘটনা ১ – কয়েকমাস আগে মাজদিয়া কাস্টমস অফিসের সামনে ভোরবেলা গাড়ী চাপাপড়া একটা বেড়ালকে ছটফট
করে মরতে দেখলাম ।
ঘটনা ২ – ০৩.১০.২০১৬ – মাজদিয়া কলেজের সামনে ভরদুপুরে একটা
কুকুরের গায়ের উপর একটা মারুতি ভ্যান ঊঠে এল । প্রাণীটি মারাত্মক ভাবে জখম হল । কয়েকজন পথচারী গাড়ীর চালককে ধরল বটে
কিন্তু চালকের নির্বিকার জবাব “ কী করব বলুন ? এত হর্ন দিলাম তাও নড়লই না ”
দূর্গাপূজার মধ্যে দেখলাম গরু, কুকুর,
বেড়ালের গায়ে চকলেট বোম, কালিপটকা ফাটানোর সে এক ভয়ানক প্রতিযোগিতা ।
আর ১৫.১০.২০১৬ – সময়টা তখন ভোর সাড়ে পাঁচটা । সবেমাত্র প্রাতঃভ্রমণে বেড়িয়েছি আবারও
দেখলাম মাজদিয়া কলেজের সামনে ঠিক সেই আগের জায়গাতেই একজন আধুনিকতম ত্রিচক্র টোটো যানের
চালক হুসসস করে আর একটা কুকুরের লেজের উপর দিয়ে গাড়ী চালিয়ে পালালো ।
আর্ন্তজাতিক সীমান্তবর্তী মফস্বলের বাসিন্দা হওয়ার
সুবাদে চতুস্পদ প্রাণীগুলোকে কাঁটাতারের বেড়া পার করাবার জন্য যে নির্মম অত্যাচার
চলে তাও দেখা যায় দিবারাত্রি। (দ্বিপদ প্রাণীদের পারাপারও লাগামহীন)
এর আগেও দেখেছি
হোলিতে অনেক মানুষের মনে রঙ লাগে না । তাই তারা ইচ্ছুক মানুষকে ছেড়ে কুকুর, বেড়াল, ছাগল, মুরগী, গরু এদের গায়ে রঙ মাখাতে উঠেপড়ে লাগে
।
আরে বাবা রঙ যদি ঐ প্রাণীগুলোকেই
মাখানোর জন্য হয় তবে আমরা যে বিশ্বকবিকে নিয়ে গর্ব করি তাঁর সৃষ্টিকেও তো
ভূলুণ্ঠিত করছি (“ওরে গৃহবাসী...... খোল দ্বার খোল লাগলো যে দোল” / “রাঙিয়ে দিয়ে
যাও যাও যাওগো এবার যাবার আগে” ) ।
আবারও একটা কথা মনে পড়ে গেল, বেশ কিছু বছর আগে আমাদের বাড়িতে একটা বিরল
প্রজাতির পাউস বেড়াল / ভাম বেড়াল ঢুকে পড়েছিল । বেচারী বেশ অসুস্থই ছিল । এরই মধ্যে কিছু লোকজন সেটিকে কেটে খাওয়ার
জন্য লাফাচ্ছিল । আমি বনদপ্তর আর স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতেই আমার
সম্পর্কে অনেকের ধারনা হল – আমার নাকি খেয়েদেয়ে কাজ নেই, সবজান্তা, বুঝমান, পাগল
একটা, দরদ নাকি উথলে ঊঠছে এইসব আরও কত কী । যদিও প্রশাসনও সেই প্রাণীটিকে বাঁচাতে
পারেনি।
এই সভ্য সমাজের কিছু মানুষের কাছে আমার
একটাই প্রশ্ন, যদি আপনার বাড়ীর শিশুটি হঠাৎ রাস্তায় কোন যানবাহনের সামনে চলে আসে ,
যদি তার গায়ে কেও শব্দবাজী বা পাথর ছুঁড়ে মারে,
অনিচ্ছা সত্বেও গায়ে জল বা রঙ মাখিয়ে দেয়, খাবারের বদলে লাঠির ঘা দেয় তবে
আপনাদের কেমন লাগবে ????? যদি আপনাদের উত্তর “খুব ভালো লাগবে” / “বেশ ভালো লাগবে”
হয় তবে আমার নিজের সম্পর্কে “খেয়েদেয়ে কাজ নেই, সবজান্তা, বুঝমান, পাগল একটা, দরদ উথলে ঊঠছে” এইসব
কথাগুলো শুনতে আমার কোনো লজ্জা বা কষ্ট হবেনা এতটুকু ।
১৪.১০.২০১৬ তে দেখলাম ২৬/১১ মুম্বই হামলার এক উদ্ধারকারী পুলিশ সারমেয় “সিজার” মারা যাওয়াতে
অনেকেরই চোখে জল এসেছিল, যেটা স্বাভাবিক । কিন্তু আমাদের বাড়ির ভুলু, বাঘা, টমি
এরা কিছুটা সম্মান পেলেও রাস্তার প্রাণীগুলো কি এতটুকুও পায় ??? আমরা কি সত্যি “হোমো স্যাপিয়েন্স” হতে পারলাম ???
সবাই হয়তো ভাবছেন আমি সমাজের Negative দিকটাই দেখছি । কিন্তু আমি এ ও দেখেছি যে, আমাদের এলাকার কিছু মানুষ ঐ সমস্ত প্রাণীগুলোর
সেবা করেন নিত্যদিন ।
যদি আমরা এতটুকু দয়াপরবশ, মানবিক ও সহানুভূতিশীল না ই হতে পারি
তবে কি আমাদের সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়া উচিৎ নয় কি ??????
( আমার এই পর্যবেক্ষন ও অভিজ্ঞতাগুলি
যদি কাওকে অপমানিত করে, আঘাত করে ও কষ্ট দেয় তবে আমি তাঁর কাছে ক্ষমাপ্রার্থী
)